
বিশেষ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার পয়না বাজারে ডিজিটাল স্টুডিও ব্যবসার আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪৭টি এক হাজার টাকার জাল নোট, একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামের ওই প্রতিষ্ঠানের আড়ালে কম্পিউটার, স্ক্যানার ও কালার প্রিন্টার ব্যবহার করে জাল টাকা তৈরির কার্যক্রম চালিয়ে আসছিলেন তারিকুল।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পয়না বাজারের ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় নওগাঁ জেলা ডিবি পুলিশ। অভিযানকালে তারিকুল ইসলাম মল্লিককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশের ধারণা, উদ্ধার হওয়া জাল নোটগুলো শুধু ওই ব্যক্তির কাছে সীমাবদ্ধ ছিল, নাকি এরই মধ্যে আরও জাল নোট বাজারে ছড়িয়ে পড়েছে- তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। একই সঙ্গে জাল টাকা তৈরির সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, উদ্ধার হওয়া জাল নোটের উৎস ও এর আগে তৈরি করা কোনো জাল টাকা বাজারে ছড়ানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
Leave a Reply