সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে দায়িত্ব হস্তান্তর নিয়ে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বদলির আদেশ পাওয়া বর্তমান ওসি মিজানুর রহমান এখনো দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় নতুন পদায়ন পাওয়া ওসি শাহীন রেজা থানায় যোগ দিলেও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারছেন না বলে জানা গেছে। এতে একই থানায় কার্যত দুই কর্মকর্তাকে ঘিরে তৈরি হয়েছে প্রশাসনিক জটিলতা।
পুলিশের সংশ্লিষ্ট আদেশ অনুযায়ী, সাপাহার থানার ওসি মিজানুর রহমানকে জয়পুরহাট জেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থলে আক্কেলপুর থানার ওসি শাহীন রেজাকে সাপাহার থানায় পদায়ন করা হয়। আদেশ অনুযায়ী নতুন ওসি থানায় যোগ দিয়ে দায়িত্ব গ্রহণের জন্য অবস্থান করলেও পুরোনো ওসি এখনো আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেননি বলে অভিযোগ রয়েছে।
নতুন ওসি শাহীন রেজা বলেন, তিনি দায়িত্ব গ্রহণের জন্য থানায় এসেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন। তবে এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পাননি।
দায়িত্ব হস্তান্তর নিয়ে এই জটিলতার প্রভাব পড়েছে থানার স্বাভাবিক কার্যক্রমেও এমন অভিযোগ করেছেন কয়েকজন সেবাপ্রার্থী। তাঁদের ভাষ্য, জিডি করা, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহসহ বিভিন্ন পুলিশি সেবা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। একজন সেবাপ্রার্থী জানান, সকাল থেকে থানায় অবস্থান করেও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারেননি।
তবে দায়িত্ব হস্তান্তরে গড়িমসির অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান ওসি মিজানুর রহমান। তাঁর ভাষ্য, বদলির আদেশ হওয়ার বিষয়টি সত্য হলেও থানায় তালা দিয়ে বাইরে থাকা কিংবা নতুন ওসিকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়।
সংশ্লিষ্টদের মতে, বদলির আদেশের পর দায়িত্ব হস্তান্তরের বিষয়টি দ্রুত নিষ্পত্তি না হলে প্রশাসনিক বিভ্রান্তি আরও বাড়তে পারে। একই সঙ্গে থানার দৈনন্দিন কার্যক্রম ও সাধারণ মানুষের পুলিশি সেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, বদলির আদেশ কার্যকর হওয়ার পর সাপাহার থানার আনুষ্ঠানিক দায়িত্ব কার হাতে এবং দায়িত্ব হস্তান্তরের এই জটিলতার অবসানই বা হবে কবে? সাধারণ মানুষের স্বাভাবিক পুলিশি সেবা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয়রা।
Leave a Reply