
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রাশেদুজ্জামান নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি নওগাঁ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় এক শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ-হাপানিয়া সড়কের হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রাশেদুজ্জামানসহ পাঁচজন একটি সিএনজিচালিত অটোরিকশায় নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রাশেদুজ্জামানের মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা এক শিশুসহ চারজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply