
বিশেষ প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ-শাহাগোলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশিলদার মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিককে ঘুষ দেওয়ার চেষ্টা এবং নিয়মিত মাসিক অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মো. সবুজ হোসেন নওগাঁর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আহসানগঞ্জ-শাহাগোলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশিলদার মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি এবং দালালদের দৌরাত্ম্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করছিলেন সাংবাদিক মো. সবুজ হোসেন। সাংবাদিকতার দায়িত্বের অংশ হিসেবে তিনি বিষয়টি নিয়ে অনুসন্ধানও করছিলেন।
অভিযোগে বলা হয়েছে, অনুসন্ধানের একপর্যায়ে ওই কর্মকর্তার পক্ষে পরিচয়দানকারী এক ব্যক্তি সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি অভিযোগ-সংক্রান্ত বিষয় সংবাদমাধ্যমে প্রকাশ না করার জন্য তাঁকে প্রভাবিত করার চেষ্টা করেন। এ সময় তাঁকে আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি প্রতি মাসে নিয়মিত অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিকের দাবি, বিষয়টি শুধু তাঁকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করার চেষ্টা নয়; এর মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার কাজে হস্তক্ষেপের চেষ্টা করা হয়েছে। এ-সংক্রান্ত ফোনকল, মুঠোফোনের খুদে বার্তা (মেসেজ)সহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংরক্ষিত রয়েছে বলেও তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন।
জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগে সাংবাদিক মো. সবুজ হোসেন ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সহকারী তহশিলদারের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি সাংবাদিককে আর্থিক সুবিধার প্রস্তাব দিয়ে প্রভাবিত করার অভিযোগেরও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
সাংবাদিক মো. সবুজ হোসেন বলেন, “সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া কিংবা প্রভাবিত হওয়ার প্রশ্নই আসে না। জনস্বার্থে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।”
এ বিষয়ে জানতে সহকারী তহশিলদার মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।
Leave a Reply