
নুরুজ্জামান লিটন, স্টাফ রিপোর্টার:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেনের মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আনিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৪ ফেব্রুয়ারি (রবিবার) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকার মাকসুদ ভবনের ৮ তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহটি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, আনিকা মেহেরুন নেসা শাহি ঢাবির দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুরে। তিনি মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেনের মেয়ে। এই ঘটনায় বুটেক্সের এক ছেলেকে আটক করেছে পুলিশ। ওকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে, ওই ছেলের সঙ্গে সম্পর্কের কারণে আনিকা আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। ওই ছেলে বর্তমানে পুলিশ হেফাজতে আছে।
আনিকার সহপাঠী ঢাবি দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলি মেহরাজ শাহরিয়ার মিথুন বলেন, ওই ছেলেটা আনিকাকে শারীরিক ও মানসিকভাবে এমনভাবে ট্রমার মধ্যে রেখেছিল যে, সে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। পরশুদিন আনিকার সঙ্গে দেখা হলে সে বলেছিল, ‘আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই। আমি এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছি।’ আমি জিজ্ঞেস করলাম কেন? ও বলল, ‘ও আমাকে ঠিক থাকতে দিচ্ছে না। যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে আমার এরকম অবস্থা।
ওই শিক্ষার্থী আরও বলেন, ওই ছেলে আনিকাকে সব সময় মানসিক চাপে রাখতো। ছোট ছোট বিষয় নিয়েও তাকে ট্রমার মধ্যে ফেলতো। তার আরও কিছু সমস্যা ছিল। সাধারণ সম্পর্কের মতো বিষয়গুলো তার ক্ষেত্রে আলাদা ছিল। সে আনিকাকে ফাঁদে ফেলে স্বার্থ হাছিলের পরিকল্পনা করেছিল।
নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি প্রেমঘটিত বিষয়ে আত্মহত্যা হতে পারে। মৃত ছাত্রীর বাম হাতে পুরোনো ক্ষতচিহ্ন রয়েছে, এটি সাধারণত প্রেম সংক্রান্ত বিষয়ে হতাশার কারণে হয়ে থাকে। এ ঘটনায় আমরা সন্দেহভাজন একজনকে আটক করেছি এবং তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন বলেন, ঘটনার পর সন্দেহবাজন বুটেক্সের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply