
বিশেষ প্রতিনিধি | নওগাঁ
নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের হাতাশ খাড়া পাড়া সার্বজনীন পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার সপ্তমী চলাকালে গণেশ প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার সকালে কুড়াল হাতে হামলা চালানো গোলাম রাব্বানি নামের এক যুবককে কুড়ালসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা ও দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা।
অভিযুক্ত রাব্বানি মধ্য হাতাশ পাড়ার মোহাম্মদ মুসার ছেলে। মণ্ডপের আনসার সদস্য মোসা: ফাতেমা বেগম জানান, কিছু বুঝে ওঠার আগেই আকস্মিকভাবে ওই যুবক কুড়াল দিয়ে গণেশ প্রতিমায় আঘাত করে। তবে সাথে সাথেই তাকে হাতেনাতে ধরে ফেলা হয়।
ঘটনার পর স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কিছুটা উৎকণ্ঠা সৃষ্টি হলেও পুলিশ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সহায়তায় প্রতিমা মেরামতের উদ্যোগ নিয়ে পূজা চালু রাখা হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নওগাঁ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধব চন্দ্র কর্মকার বলেন, “উৎসবের মুহূর্তে এ ঘটনা দুঃখজনক। সনাতনীরা যাতে নির্বিঘ্নে বাকি দিনগুলো পূজা উদযাপন করতে পারেন, সেজন্য সার্বিক সহযোগিতা কামনা করছি।”
জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক প্রদীপ কুমার কুন্ডু জানান, “ঘটনার পরই আমরা প্রশাসনকে জানিয়ে ঘটনাস্থলে যাই। অপরাধীর সুষ্ঠু বিচার চাই, যেন কেউ ভবিষ্যতে এমন কাজ করার সাহস না পায়।”
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অভিযুক্ত যুবক পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেকোনো গুজব বা অপপ্রচার রোধে পুলিশ সতর্ক আছে, মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।”
Leave a Reply