
নিজস্ব প্রতিবেদক, বদলগাছী (নওগাঁ):
নওগাঁর বদলগাছী উপজেলায় সরকারের ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির বরাদ্দকৃত চাল কার্ডধারীদের কাছ থেকে কিনে অবৈধভাবে মজুত ও পুনঃপ্যাকেটিং করার সময় ১৯০০ কেজি (১.৯ টন) চাল জব্দ করেছে প্রশাসন।
সোমবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজারের একটি ভাড়া নেওয়া গুদামে এই অভিযান চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার কোলা ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় কার্ডধারীদের মাঝে জন প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। তবে চাল পাওয়ার পর উপকারভোগীরা তা নিজেদের কাছে না রেখে স্থানীয় কিছু ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।
খবর পেয়ে অভিযুক্তরা ওই চালগুলো ভান্ডারপুর বাজারের জনৈক মো. সৈকতের ভাড়া দেওয়া গোডাউনে একত্রিত করেন এবং অন্য বস্তায় রি-প্যাকেটিং করছিলেন। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন এবং ১৯০০ কেজি চাল জব্দ করেন।

অভিযুক্ত চাল ক্রেতারা হলেন- ১. মোঃ রেজাউল, (৫৫) পিতা মৃত জমসের আলী ২. মোঃ সয়ন (৩২), পিতা আমির উদ্দিন ৩. মোঃ মেহদী (২৮), পিতা মিঠুন সরদার ৪. মোঃ রায়হান (২৫), পিতা অন্তর, ৫. মোঃ ভুট্টু (৪০), পিতা সাত্তার ৬. রায়হান (৩৫), পিতা মোঃ সালাম ৭. মোঃ কালাম (২৪), পিতা মৃত আশরাফ ৮. মোঃ ইমন (২০), পিতা নুর ইসলাম ৯.মোঃ হাসান (৩৬), পিতা মৃত আশরাফুল সর্ব সাং ভোলার পালশা ১০, মোঃ সৌখিন (৪২), পিতা ফজল, সাং লালুহার ১১. মোঃ শুঁকুন (৪২), পিতা ফজলুর রহমান সাং ভান্ডারপুর সর্ব থানা বদলগাছী।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জব্দকৃত চাল বর্তমানে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম স্বপনের জিম্মায় ইউপি হলরুমে সংরক্ষিত রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply