
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
“এসো খেলা করি, মাদক থেকে দূরে থাকি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দীর্ঘ প্রায় ১৭বছর পর নওগাঁর রাণীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে গত ১জানুয়ারী থেকে টুর্ণামেন্টে শুরু হয়।
শুক্রবার বিকেলে ফাইনাল খেলায় পত্নীতলা ফুটবল একাদশ ১-০ গোলে মান্দা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলার দ্বিতীয়ার্ধে পত্নীতলা একাদশ দলের খেলোয়ার নাইমের করা একমাত্র গোলে পত্নীতলা দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ডিসকোভারী ১১০সিসি মোটরসাইকেল পুরস্কার হিসেবে তুলে দেয়া হয় আর রানারআপ দলকে একটি ফ্রিজ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। প্রথম গোলদাতাকে ডি-আর্ট প্রেসের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
টুর্ণামেন্টে ৮টি জেলার ১৬টি দল অংশগ্রহণ করে। বহুবছর পর প্রিয় মাঠে প্রিয় ফুটবল খেলা দেখতে নওগাঁর বিভিন্ন উপজেলা, বগুড়া জেলার বিভিন্ন উপজেলা, জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলা, নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে আসা হাজার হাজার দর্শক ফুটবল খেলা উপভোগ করেন। এসময় অনেক বছর পর সফল ভাবে শৃঙ্খলার মধ্যদিয়ে টুর্ণামেন্টের সকল ম্যাচ অনুষ্ঠিত করায় ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে মাঠে খেলা দেখতে আসা দর্শক ও স্থানীয়রা।
এদিন ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়েন-উল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস, এম আল-ফারুক জেমস। উদ্বোধক হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন।
এছাড়াও উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, থানা পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বর্তমান ও আগামী প্রজন্মকে মাদক ও মোবাইলের ক্ষতিকর আশক্তি থেকে দূরে রাখতে এই ধরণের খেলার আয়োজন বেশি বেশি করার প্রতি তাগিদ প্রদান করেন। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply