
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি ব্রীজের নিচে থেকে জাইদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৫ ডিসেম্বর (রোববার) সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার সময় শ্রমিকরা একটি ব্রিজের নিচে ওই লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
নিহত জাইদুল পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কোতালী গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার কালনা গ্রামের একটি মাঠে স্থানীয় আদিবাসী শ্রমিকরা ধান কাটার কাজ করছিলেন। তাদের কাজ শেষে সন্ধ্যার সময় বাড়ি আসার সময় গ্রামীণ সড়কের একটি ব্রীজের নিচে পলিথিনে মোড়ানো একটি লাশ দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। এসময় পলিথিনে মোড়ানো গলা কাটা জাইদুল ইসলামের লাশ দেখা যায়। পরে পুলিশ লাশটি থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, নিহত জাইদুল ইসলাম একজন ডাকাত ছিলো। সে চুরি, ছিনতাই ও ডাকাতি করতো। তার নামে বিভিন্ন থানায় মামলা আছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে গলা কাটা লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত জাইদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির কয়েকটি মামলা আছে বলেও জানান তিনি।
Leave a Reply