
নিজস্ব প্রতিবেদক,
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এই লক্ষ্যকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। নির্বাচনকে ঘিরে প্রার্থী বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দলটি। ইতিমধ্যে মনোনয়ন নীতিমালায় তিনটি প্রধান যোগ্যতা নির্ধারণ করেছে বিএনপি।
দলীয় সূত্র জানায়, বিএনপি এমন প্রার্থীদের মনোনয়ন দেবে, যাদের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং যাদের প্রার্থী হিসেবে নির্বাচন করলে সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া আসবে।
প্রার্থী হওয়ার তিনটি যোগ্যতা
১. ত্যাগ ও সংগ্রাম: যারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এবং দলের কঠিন সময়ে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, তারা অগ্রাধিকার পাবেন।
২. সততা ও সামাজিক গ্রহণযোগ্যতা: প্রার্থীকে হতে হবে সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকার জনগণের কাছে একজন সজ্জন ও গ্রহণযোগ্য ব্যক্তি।
৩. জনপ্রিয়তা: প্রার্থীকে তার নিজ নির্বাচনী এলাকায় জনপ্রিয় হতে হবে এবং ভোটের রাজনীতিতে শক্ত অবস্থান থাকতে হবে।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে নবীন ও প্রবীণের মধ্যে ভারসাম্য রেখে তালিকা তৈরি করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের একাধিক সদস্যকেও প্রার্থী করা হতে পারে বলে আভাস মিলেছে।
মিত্রদের জন্য আসন ছাড়ঃ
দলীয় সূত্র বলছে, বিগত ১৫ বছরে যেসব দল বিএনপির সঙ্গে রাজপথে আন্দোলনে অংশ নিয়েছে, তাদের জন্যও কিছু আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে। নির্বাচনী সমঝোতার মাধ্যমে একসঙ্গে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি। এ জন্য মাঠপর্যায়ে মিত্র দলগুলোর জনপ্রিয়তা যাচাই করা হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “বিএনপি একটি বড় দল। অনেকেই প্রার্থী হতে চান। যাদের জনগণের সঙ্গে বেশি সম্পর্ক, যারা আন্দোলনে সক্রিয় ছিলেন এবং দলের দুঃসময়ে পাশে ছিলেন, তাদেরকেই গুরুত্ব দেওয়া হবে।”
Leave a Reply