
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি, বগুড়া-এর একটি চৌকস আভিযানিক দলের অভিযানে ঢাকার আশুলিয়া থেকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত কিশোর মোঃ নাজমুল হুদা (১৭)-কে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন শাকপালা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণে জড়িত ২ জন অপহরণকারী-কেও গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ২৪ জুন সকাল ৯:৩০টার দিকে কুষ্টিয়া জেলার বাসিন্দা ও বর্তমানে আশুলিয়া এলাকার ভাড়াটিয়া মোঃ নাজমুল হুদাকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে শাকপালায় নিয়ে যাওয়া হয়। পরে ভিকটিমের মোবাইল (০১৭৭৭০৫৩০১৩) ব্যবহার করে তার পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিকটিমকে শারীরিক নির্যাতন ও হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ভিকটিমের পরিবার (০১৭৩২৫৯২৬৭৯) নম্বরে ৫ হাজার টাকা বিকাশ করে এবং আশুলিয়া থানায় একটি মিসিং জিডি (নং-২২১৯, তারিখ: ২৫/০৬/২০২৫) দায়ের করে।
পরবর্তীতে র্যাব-১২, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুন দুপুর ২টায় শাকপালা ওভার ব্রিজের পাশে অভিযান চালিয়ে কিশোর নাজমুল হুদাকে উদ্ধার করে। এ সময় শাজাহান আলী (৬৫) এবং জিহাদ প্রামানিক (২১) নামের দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ৩টি সিমকার্ড ও নগদ ২১০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, অপহরণ ও মুক্তিপণ চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
Leave a Reply