
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
“থানায় আগত সেবা প্রার্থীদের সঙ্গে সদাচরণ নিশ্চিত করে দ্রুততম সময়ে সেবা দিতে হবে। প্রতিটি থানা যেন জনগণের আস্থা ও নির্ভরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, সে লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।” শনিবার (২৮ জুন) দুপুরে নওগাঁ জেলার পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শনকালে এসব কথা বলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম।
থানা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, এএসপি (প্রবেশনার) অনিক চৌধুরী, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেবসহ থানার অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ সুপার বলেন, “মামলা, জিডি বা পুলিশ ক্লিয়ারেন্সসহ প্রতিটি বিষয়ে সেবা দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। পাশাপাশি, তদন্তাধীন মামলার দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি, টহল কার্যক্রম জোরদারকরণ এবং মাদকবিরোধী অভিযান আরও বেগবান করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি থানার পেশাদার পরিবেশ বজায় রাখতে প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। থানা ভবন, আশপাশ এলাকা, ব্যারাক ও মেস পরিদর্শন করে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।
এছাড়া, থানা এলাকার যানজট নিরসন, আইনশৃঙ্খলা রক্ষা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাস্তার ওপর অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে নির্দেশ দেন পুলিশ সুপার।
Leave a Reply