
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছী উপজেলার নিমতলী গ্রামে একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুত রাখা ৫শ বস্তা আতপ চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন।

জানা গেছে, বদলগাছী বাজারের শিবলু নামে এক ব্যবসায়ী তার শ্বশুর মো. জাহিদুল ইসলামের বাড়িতে প্রায় দুই মাস আগে এসব উন্নত জাতের কাটারী আতপ চাল মজুত করেন। কিন্তু তার নামে চাল মজুদের বৈধ কোনো লাইসেন্স ছিল না। অভিযুক্ত ব্যক্তি কীটনাশকের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে গোপনে চাল মজুত করে আসছিলেন।

স্থানীয়দের অভিযোগ, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে চালগুলো গোপনে মজুত রাখা হয়েছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন বলেন, “চাল মজুদের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিজানুর রহমান জানান, “মোট ৫শ বস্তা চাল জব্দ করে সিলগালা করা হয়েছে এবং তা আপাতত বদলগাছী থানা হেফাজতে রাখা হয়েছে।”
অভিযানকালে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি খাদ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply