
নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁয় এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণ করে গণধর্ষণের ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৭ জুলাই) বিকেলে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নওগাঁ সদর উপজেলার চক-আবরশ গ্রামের ইসাহাক (৫০) ও টুকু সরদার (৫২)।
আদালত সূত্র জানায়, ২০০১ সালের ১২ মার্চ ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভনে অপহরণ করে একই গ্রামের ইসাহাক ও টুকু সরদার। পরে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন।
আদালত রায়ে ধর্ষণের শিকার নারীকে ক্ষতিপূরণ হিসেবে জরিমানার অর্থ প্রদান করার নির্দেশও দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট রেজাউল করিম। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, বিচার বিভাগের উপর জনগণের আস্থা পুনঃস্থাপিত হলো।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে আপিলের প্রস্তুতির কথা জানিয়েছেন।
Leave a Reply