
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে স্থানীয় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে।
৭আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে আটটার দিকে সংঘটিত এ হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুরের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন। নিহত তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। জীবন বাঁচাতে তিনি ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। কিন্তু তিনজন দুর্বৃত্ত দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করে। দোকানের বাইরে দুজন রামদা হাতে পাহারা দিচ্ছিল।
স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, “তুহিন দৌড়ে আমার দোকানে ঢুকে পড়ে। পরে তিনজন ভিতরে ঢুকে তাঁকে কুপিয়ে ফেলে। আমি বাধা দিতে গেলে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। আশপাশের অনেক মানুষ ঘটনাটি দেখেছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি।
নিহতের হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তার ফেসবুক প্রোফাইলে ঘটনার দুই ঘণ্টা আগে তিনি গাজীপুরের রাস্তার অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের অবহেলা নিয়ে পোস্ট করেছিলেন।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. রবিউল হাসান বলেন, আমরা কিছু ভিডিও ফুটেজ ও গুরুত্বপূর্ণ ক্লু পেয়েছি। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
বাসন থানার ওসি শাহিন খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
সংশোধনী:
স্থানীয় সূত্রের প্রাথমিক তথ্যে বলা হয়েছিল, তুহিন হত্যার আগে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে লাইভ করেছিলেন। পরে তাঁর প্রোফাইল যাচাই করে এমন কোনো লাইভের তথ্য না পাওয়ায় ৮ আগস্ট সকাল ১০ টায় তথ্যটি সংশোধন করা হলো।
Leave a Reply