
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর নগরের সাহাপাড়া এলাকায় চাঁদাবাজদের তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রকাশ্যে নৃশংস হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসেন (৩৫)। দিনের আলোয়, পুলিশের উপস্থিতিতেই, সাত-আটজন যুবক তাঁকে লাঠি ও ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। পুরো ঘটনাটি পথচারীদের মোবাইল ক্যামেরায় ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এ হামলা হয়। আহত আনোয়ার হোসেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহাপাড়া এলাকায় সিএনজি অটোরিকশাচালকদের কাছ থেকে প্রতিদিন ৩০–৪০ টাকা করে চাঁদা আদায় করছিল একটি চক্র। এ খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক আনোয়ারকে টের পেয়ে হামলাকারীরা প্রথমে রাস্তায় এবং পরে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে তাঁর মুখমণ্ডল ও কপাল ফেটে যায়। এ সময় হামলাকারীরা তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ২৬ হাজার ২৫০ টাকা ছিনিয়ে নেয়।
আনোয়ারের মা আনোয়ারা সুলতানা গাজীপুর সদর থানায় অভিযোগ করেছেন। তাঁর ভাষায়, তিনি বলেন, আমার ছেলে একজন সাংবাদিক। কোনো দোষ ছাড়াই ওকে পিটিয়ে রক্তাক্ত করেছে। হাসপাতালে ছেলেকে নিয়ে আছি, কিন্তু আমরা নিরাপত্তাহীনতায় আছি। যেকোনও সময় আবারও হামলা করতে পারে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, অভিযোগ পেয়েছি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এই ঘটনাটি সাংবাদিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয় সাংবাদিক সমাজ ও অধিকারকর্মীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
Leave a Reply