
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে অভিযোগ গ্রহণ না করায় ক্ষুব্ধ এক মৎস্যচাষি দুদক চেয়ারম্যানের দিকে জুতা নিক্ষেপ করেছেন।
রোববার (১০ আগস্ট) সকালে জেলা শহরের টিটু মিলনায়তনে এ ঘটনা ঘটে।
জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ছাকোয়াত হোসেন মণ্ডল দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার পাননি। মানবাধিকার কমিশন তার পক্ষে রায় দিলেও কোনো পদক্ষেপ হয়নি। শেষ চেষ্টা হিসেবে তিনি গণশুনানিতে অভিযোগ জমা দিতে গেলে তা গ্রহণ করা হয় না।
অভিযোগ না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি হঠাৎ দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের দিকে জুতা নিক্ষেপ করেন। তবে জুতাটি লক্ষ্যভেদ করতে পারেনি। ঘটনাস্থলেই কর্মকর্তারা তাকে সরিয়ে দেন।
পরে সাংবাদিকদের ছাকোয়াত বলেন, সব জায়গায় অভিযোগ দিয়েও বিচার পাইনি। শেষ চেষ্টা করেও ব্যর্থ হলাম। তাই প্রতিবাদের শেষ অস্ত্র হিসেবে জুতা ছুড়েছি। জেল হলেও আমি প্রস্তুত।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান জানান, হয়তো আবেদন সঠিক প্রক্রিয়ায় হয়নি, তাই অভিযোগের বিষয়ে তারা অবগত ছিলেন না।
Leave a Reply