
নিজস্ব প্রতিবেদক
নওগাঁর মহাদেবপুরে সাংবাদিক এ কে সাজু’র ওপর হামলার মামলায় প্রধান আসামি কনক ও আরও এক আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মহাদেবপুর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ এ আদেশ দেন।
কোর্ট পুলিশ পরিদর্শক হাদিউল ইসলাম জানান, মামলায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি কনক ও ৮ নম্বর আসামি মোকাব্বের হোসেন বুধবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে একই মামলায় আরও দুই আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছিল।
গত ২৭ আগস্ট বিকেল ৫টার দিকে ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহে গেলে তাকে তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে সাজু বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে কয়েক দফা মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। সাংবাদিক নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে নওগাঁর বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা।
আজ প্রধান আসামি কনকের জামিন নামঞ্জুর হওয়ায় নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট আদালতের আদেশকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে।
Leave a Reply