
নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে এক হিন্দু পরিবারের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালংকার ও মালামাল লুটপাট করেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের বাসিন্দা পলাশ চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮–১০ জনের একটি ডাকাতদল প্রাচীর টপকে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা আলমারি ও সোকেস ভেঙে নগদ ১৫ হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং একটি মোবাইল ফোন লুট করে নেয়। চিৎকার করতে লাগলে পরিবারের সদস্যদেরকে মেরে ফেলার ভয় দেখানো হয়।
ভুক্তভোগী পলাশ চন্দ্র জানান, ডাকাতরা প্রথমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলে নেয়। বারান্দায় বের হতেই গলায় হাসুয়া ধরে আমাকে বেঁধে ফেলে। এরপর স্ত্রী ও সন্তানকে জিম্মি করে ঘরে তল্লাশি চালায়।
পলাশ চন্দ্রের ছোট ভাই পবিত্র চন্দ্র বলেন, “কয়েক মাস আগে বিয়ে করেছি। শ্বশুরবাড়ি থেকে উপহার পাওয়া সব স্বর্ণালংকার লুট হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেলাম।
ডাকাতির ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় একটি মামলা হয়েছে। ডাকাতদলকে শনাক্তে অভিযান শুরু হয়েছে।
পুলিশ সুপার সামিউল সারোয়ার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, ‘ডাকাতরা দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে । তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply