আন্তর্জাতিক ডেস্ক,
ভারতে প্রবেশকারী বিদেশি ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম কার্যকর হয়েছে। ১ অক্টোবর থেকে প্রত্যেক বিদেশিকে ভ্রমণের আগে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে ডিজিটাল ডিসেমবার্কেশন (ডিই) কার্ড।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যাত্রার অন্তত ৭২ ঘণ্টা আগে অনলাইনে এই কার্ড পূরণ করতে হবে। আগে যেখানে হাতে লেখা আগমন-কার্ড জমা দিতে হতো, সেখানে এখন থেকে ডিজিটাল কার্ডই হবে আবশ্যক। এর মাধ্যমে বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া আরও দ্রুত ও ঝামেলামুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
ডিজিটাল কার্ড পূরণের জন্য রাখা হয়েছে দুটি মাধ্যম-
১) অফিসিয়াল ওয়েবসাইট: indianvisaonline.gov.in/earrival
২) মোবাইল অ্যাপ: Indian Visa SuSwagatam
কার্ড পূরণের সময় ভ্রমণকারীদের পাসপোর্ট ও ভিসার তথ্য, ফ্লাইটের বিস্তারিত, ভারতে অবস্থানের ঠিকানা, জরুরি যোগাযোগ নম্বর এবং প্রয়োজনে স্বাস্থ্যসংক্রান্ত ঘোষণা দিতে হবে। তবে কোনো অতিরিক্ত নথি আপলোডের প্রয়োজন নেই।

ভারতীয় নাগরিক এবং ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওআইসি) কার্ডধারীদের এই নিয়ম মানতে হবে না। শুধুমাত্র বিদেশি যাত্রীদের জন্যই এ ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ভারতের মতো জনবহুল দেশে এ উদ্যোগ ইমিগ্রেশন কার্যক্রমকে আরও দক্ষ ও সময় সাশ্রয়ী করে তুলবে। এর ফলে ভ্রমণকারীরা বিমানবন্দরে দীর্ঘ লাইনের ভোগান্তি এড়িয়ে দ্রুতই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
নতুন এ ব্যবস্থার মাধ্যমে ভারত যুক্ত হলো যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও তাইওয়ানের মতো দেশগুলোর কাতারে, যেখানে কাগুজে আগমন কার্ড ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।
Leave a Reply