
নিজস্ব প্রতিবেদক,
দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক উসকানি সৃষ্টির চক্রান্ত করা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৫ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ৭৯৩টি পূজামণ্ডপে ইচ্ছাকৃতভাবে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হয়। প্রতিটি ঘটনার বিষয়ে জিডি হয়েছে এবং তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।”
তিনি অভিযোগ করে বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেওয়ার পেছনে ফ্যাসিস্ট গোষ্ঠী ও তাদের সহযোগীরা সক্রিয় ছিল। এমনকি কিছু বুদ্ধিজীবীও এই অপতৎপরতায় ইন্ধন দিয়েছেন।”
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “একটি পার্শ্ববর্তী দেশে দুর্গাপূজার প্রতিমা তৈরির সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিন্দনীয়ভাবে উপস্থাপনের যে খবর আমরা পেয়েছি, এই ঘটনার সঙ্গে তারও যোগসূত্র দেখা যাচ্ছে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার তৎপরতার প্রশংসা করেন উপদেষ্টা। তিনি বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও পূজা উদযাপন কমিটিগুলোর সহযোগিতায় আমরা এই কুচক্রীদের ষড়যন্ত্র নস্যাৎ করতে পেরেছি।”
ধর্মীয় নেতাদের সহযোগিতার কথাও উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা বিষয়টি নিয়ে বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেছি। তাঁরা শান্তি ও সম্প্রীতি রক্ষায় আমাদের সহযোগিতা করছেন।
Leave a Reply