
সবুজ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলায় বিএনপি নেতা ও নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুমের বিরুদ্ধে ৭০ লক্ষ টাকার চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ও নারী উদ্যোক্তা তাসলিমা জাহান (৩০) শনিবার (১৮ অক্টোবর) পত্নীতলা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পত্নীতলা থানা অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে রুজু করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি ব্যবসা-সংক্রান্ত বিষয়ে স্থানীয় বিএনপি নেতা মাসুমসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাসলিমা জাহানের কাছ থেকে ৭০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানি, ভয়ভীতি ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তাসলিমা জাহান জানান, পারিবারিক একটি জমি-বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, “মাসুমসহ কয়েকজন ব্যক্তি আমাকে বিভিন্ন সময় ফোন করে টাকা দাবি করেছে। টাকা না দিলে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিয়েছে।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমঝোতার চেষ্টা করলেও কোনো ফলাফল আসেনি। সর্বশেষ ১৫ অক্টোবর রাত ৮টার দিকে অভিযুক্তরা তার বাড়ির সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তাসলিমা অভিযোগে আরও উল্লেখ করেন, “এরা পূর্বপরিকল্পিতভাবে আমার ব্যবসা ও পারিবারিক শান্তি নষ্ট করতে চায়। আমি আইনগত সহায়তা চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
অভিযুক্ত বিএনপি নেতা নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুম এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনার কিছু সত্যতা থাকায় মামলা হিসেবে রুজ করা হয়েছে তবে প্রাথমিকভাবে তদন্তে চাঁদা দাবির সত্যতা পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নজিপুর এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই নারী উদ্যোক্তার নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।
Leave a Reply