নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডে অভিযুক্ত মাহির রহমানকে নিজেই পুলিশের কাছে সোপর্দ করেছেন তার মা। সোমবার (২০ অক্টোবর) ভোরে তিনি ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাহিরকে হেফাজতে নেয়া হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি।
এর আগে রোববার (১৯ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে আরমানিটোলার পানির পাম্প গলির ‘রওশন ভিলা’ নামের একটি বাড়ির সিঁড়ি থেকে রক্তাক্ত অবস্থায় জুবায়েদের মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে দুই তরুণকে পালিয়ে যেতে দেখা গেলেও মুখ শনাক্ত করা যায়নি।
নিহত জুবায়েদ (২০১৯-২০ সেশন) ছিলেন জবি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী, কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এবং জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সেই বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে পড়াতেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বর্ষা ও মাহির রহমানের মধ্যে ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে বর্ষা মাহিরকে জানায়, সে জুবায়েদকে পছন্দ করতে শুরু করেছে। এতে ক্ষুব্ধ হয়ে মাহির ও তার বন্ধু নাফিস মিলে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
খুনের পর বর্ষাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে, জুবায়েদকে পছন্দের কথা মাহিরকে বলেছিল। তবে হত্যাকাণ্ড সম্পর্কে কিছু জানে না বলে দাবি করে।
Leave a Reply