
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগে নাতি সজীব আলী মোল্লা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবরুভেংড়ী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তির নাম সন্দেশ বেওয়া (৮৫)। তিনি ওই গ্রামের নওশের মোল্লার স্ত্রী। নিহতের ছোট ছেলে আইয়ুব আলী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সলঙ্গা থানায় নাতি সজীবকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন।
পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গভীর রাতে দাদির শয়নকক্ষে ঢুকে সজীব ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে হত্যা করেন। এরপর নিজের ফেসবুক আইডিতে ‘আল্লাহু আকবার’ ও কিছুক্ষণ পর ‘ইনশা আল্লাহ একটাও ছাড় পাবে না’ লিখে দুটি স্ট্যাটাস দেন।
সজীবের বাবা আহম্মাদ আলী বিষয়টি ফেসবুকে দেখে চিৎকার করে পরিবারের অন্যদের ডাকেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেন।
এ বিষয়ে মামলার বাদী নিহতের ছোট ছেলে আইয়ুব আলী জানান, বুধবার রাতে খাওয়াদাওয়া শেষে তার মা তৃতীয় ছেলে আহাম্মদ মোল্লার একতলা বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। তার শয়নকক্ষের পাশের কক্ষে থাকে আহাম্মদ মোল্লার ছেলে সজীব। রাত সাড়ে ১২টার দিকে সজীব গরু জবাই করা ধারালো একটি বড় ছুরি হাতে দাদির কক্ষে ঢোকে। এরপর তাকে ঘুম থেকে ডেকে তুলে জানতে চায়, ‘তোমার রব কে’। বৃদ্ধা দাদি এর উত্তর বলতে না পাড়ায় ক্ষুব্ধ হয়ে সে চিৎকার করে বলতে থাকে ‘তাহলে তো তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না’। এরপর হাতে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দেহ থেকে দাদির মাথা বিচ্ছিন্ন করে ফেলে। তার চিৎকার শুনে তিনি ঘর থেকে বের হয়ে দেখতে পান তার মায়ের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে বিছানায় পড়ে আছে। আর সজীব ট্যাপের নিচে মাথা দিয়ে নিজেই পানি ঢালছে।
পরিবারের সদস্যরা জানান, সজীব সম্প্রতি এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য ঢাকায় কোচিং করছিলেন। কিছুদিন আগে মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করতে শুরু করলে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। একতলা বাড়ির পাশের কক্ষে দাদির সঙ্গে থাকতেন তিনি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরামুল হক বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃদ্ধাকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে।”
Leave a Reply