নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, দেশের আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, গুম ও হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।
আজ শুক্রবার সকাল ১০টায় মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজসংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রেসসচিব।
শফিকুল আলম বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এ বিষয়ে সব রাজনৈতিক দল একসঙ্গে আছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হতে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে। বর্ষা শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া বইবে।’
নির্বাচনে ‘না ভোট’-এর প্রসঙ্গে প্রেসসচিব বলেন, ‘যদি কোথাও একজন প্রার্থী থাকেন, তবে সেখানে “না ভোট” হবে। আরপিওতে এ বিধান আছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারও নির্বাচিত হওয়ার সুযোগ নেই।’
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, জুলাই শহীদদের ত্যাগ জাতি যেন স্মরণ রাখে, সে উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
Leave a Reply