
নিজস্ব প্রতিবেদক,
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এই বৈঠক হয়। এতে নির্বাচন প্রস্তুতির সার্বিক অগ্রগতি ও প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।
সরকার প্রধানের দপ্তর থেকে জানানো হয়, বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের বিস্তারিত জানানো হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্থানীয় সরকার, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবরা সভায় উপস্থিত ছিলেন।
বৈঠকে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগ দেন।
গেল ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে, রোজার আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন।
পরদিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি নিতে চিঠি পাঠানো হয়।
প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগেই মাঠপর্যায়ের প্রস্তুতি চূড়ান্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বা তার আগে ‘জুলাই সনদ’ নিয়ে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
Leave a Reply