
নিজস্ব প্রতিবেদক,
পেশাগত কাজে ঢাকায় আসা এবং হামলা-মামলার শিকার মফস্বল সাংবাদিকদের জন্য আবার চালু হচ্ছে ‘জার্নালিস্ট সেল্টার হোম’। রাজধানীর নয়াপল্টনে অবস্থিত এই সেল্টার হোমে সাংবাদিকেরা স্বল্প খরচে থাকা-খাওয়ার পাশাপাশি ওয়াইফাই ও সংবাদ পাঠানোর জন্য কম্পিউটার সুবিধা পাবেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনায় আগামী ১ নভেম্বর থেকে পুনরায় এই সেবা চালু হবে। নয়াপল্টন হাউজিংয়ের ১০/কে ভবনের ষষ্ঠ তলায় স্থাপন করা হয়েছে নতুন সেল্টার হোমটি। দৈনিক তিন বেলা খাবারসহ থাকার জন্য সাংবাদিকদের দিতে হবে ৫০০ টাকা।
বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন,
“ঢাকার বাইরের সাংবাদিকদের নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের কথা মাথায় রেখে আমরা এই উদ্যোগ নিয়েছিলাম। নানা কারণে এটি কিছুদিন বন্ধ ছিল। আবারও চালু করতে পেরে আমরা আনন্দিত। আশা করি সাংবাদিকরা আগের মতোই সেবাটি গ্রহণ করবেন।”
এর আগে ২০২২ সালে রাজধানীর চিটাগাং রোডের মাতুয়াইল এলাকায় ‘আমান সিটি’র একটি ভবনে প্রথম সেল্টার হোমটি চালু হয়েছিল। তখন দৈনিক ৩০০ টাকায় থাকা ও তিন বেলা খাবারের সুবিধা দেওয়া হতো। প্রায় দুই বছর চালু থাকার পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়।
সেল্টার হোমের উপতত্ত্বাবধায়ক এস এস রুশদি বলেন,
“২৪ ঘণ্টা সেবা চালু থাকবে। আমরা সাংবাদিকদের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করব।”
Leave a Reply