
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
অসময়ে টমেটো চাষ করে চমক দেখিয়েছেন নওগাঁর বদলগাছী উপজেলার এক কৃষক। আধুনিক মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন (লেট) টমেটো চাষ করে অল্প জমিতে ভালো লাভের মুখ দেখেছেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের নহেলা বাঁশকাঠা গ্রামের কৃষক মো. জামিল কাজী। তার সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এলাকায় বাড়ছে লেট টমেটো চাষের আগ্রহ।
জানা গেছে, চলতি মৌসুমে ১৪ শতাংশ জমিতে উন্নত ‘আনছাল’ জাতের হাইব্রিড টমেটো চাষ করেন জামিল কাজী। জমি প্রস্তুত, বীজ, সার ও মালচিং পেপারসহ মোট খরচ হয়েছে প্রায় ২২ থেকে ২৩ হাজার টাকা। বর্তমানে বাজারে অসময়ের টমেটোর চাহিদা বেশি থাকায় প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা দরে। এতে সব খরচ বাদ দিয়ে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা নিট লাভের আশা করছেন তিনি।
কৃষক জামিল কাজী বলেন, “আধুনিক মালচিং পদ্ধতি ব্যবহারের কারণেই ভালো ফলন পেয়েছি। এতে গাছের গোড়ার মাটি প্লাস্টিক বা পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়। ফলে মাটির আর্দ্রতা বজায় থাকে, আগাছা কম জন্মায় এবং রোগবালাইয়ের আক্রমণও কম হয়।”
তিনি আরও বলেন, “এই পদ্ধতিতে সেচের খরচ কমে যায় এবং গাছ প্রয়োজনীয় পুষ্টি ভালোভাবে গ্রহণ করতে পারে। এতে উৎপাদনও বেড়ে যায়।”
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন, “সাধারণ সময়ের তুলনায় গ্রীষ্মকালীন বা লেট টমেটো চাষ বেশি লাভজনক। উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি অনুসরণ করে চাষ করলে হেক্টরপ্রতি প্রায় ৫ লাখ টাকা পর্যন্ত মুনাফা করা সম্ভব। জামিল কাজীর সাফল্য অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।”
স্থানীয় কৃষকদের মতে, জামিল কাজীর বাম্পার ফলন ও বাজারে ভালো দাম পাওয়ার খবর ছড়িয়ে পড়ায় অনেকেই এখন গ্রীষ্মকালীন টমেটো চাষে আগ্রহ দেখাচ্ছেন।
Leave a Reply