
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে চোরাই একটি মোটরসাইকেল ২ ঘন্টা পর উদ্ধারসহ রাশেদ ওরফে রুবেল (২৬) নামের এক চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (১১ অক্টোবর) বিকেলে দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাশেদ ওরফে রুবেল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার দুপুরে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির মঠপুকুরিয়া গ্রামের ফরিদুল ইসলাম নামের ওই ব্যক্তি তার ব্যবহৃত রেজিস্টেশন বিহীন ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেলটি বাড়ির গেটের সামনে রাখেন। কিছুক্ষণ পর মোটরসাইকেলটি নিতে এসে দেখেন বাড়ির সামনে মোটরসাইকেলটি নেই। চোর চক্রের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে মোটরসাইকেলটি না পেয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন ফরিদুল ইসলাম। এদিকে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলী চোরাই মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান শুরু করেন। গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজার এলাকা এক ব্যক্তি চোরাই মোটরসাইকেলটি নিয়ে অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রাশেদ ওরফে রুবেলকে গ্রেপ্তার ও চোরাই রেজিস্ট্রেশন নিহীন ডিসকভার ১২৫ সিসি নিল-কালো রংয়ের মোটরসাইকেলটি জব্দ করেন। এসময় চোরচক্রের অপর কয়েকজন পালিয়ে যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, গতকাল রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত রাশেদ ওরফে রুবেলকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে এবং অপর পলাতকদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।
Leave a Reply