
আন্তর্জাতিক নিউজ ডেস্ক,
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি পার হতে পারেনি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরান অনুমতি না দেওয়ায় জাহাজটিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএসসি সূত্রে জানা যায়, প্রায় ৪০ দিন ধরে আটকে থাকার পর গত বুধবার সৌদি আরবের একটি বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। প্রায় ৪০ ঘণ্টা চলার পর শুক্রবার হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছায়। পরে ইরান সরকারের কাছে প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরান সরকারের নির্দেশনা মেনেই অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা দেয়নি। পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে আপাতত শারজাহ বন্দরে ফিরে যেতে বলা হয়েছে।
তিনি আরও জানান, কূটনৈতিক চ্যানেলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান করছে এবং এতে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবার মজুত রয়েছে।
বিএসসি সূত্রে আরও জানা গেছে, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতার থেকে স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে পৌঁছায়। এরপর ১১ মার্চ পণ্য খালাস শেষ হয়।
পরবর্তীতে কুয়েতে পণ্য বোঝাইয়ের পরিকল্পনা থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি নিরাপদে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ফেরার পথে হরমুজ প্রণালি পার হতে না পারায় শারজায় ফিরে যেতে হচ্ছে।
জাহাজটিতে প্রায় ৩৭ হাজার টন সার রয়েছে, যা দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নেওয়ার কথা ছিল।
Leave a Reply