
নিজস্ব প্রতিবেদক:
উচ্চ মাধ্যমিক পরীক্ষার নওগাঁ জেলায় ফলাফল কিছুটা হতাশাজনক। গতবারের তুলনায় কমেছে জিপিএ-৫ ও পাসের হার। জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর জেলার ৮৬টি কলেজ থেকে মোট ১৪ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সবচেয়ে হতাশাজনক দিক হলো- জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বদলগাছী উপজেলার বালুভরা আর.বি. হাই স্কুল অ্যান্ড কলেজের চারজন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। মান্দা উপজেলার দুটি প্রতিষ্ঠান মান্দা এস.সি. পাইলট স্কুল অ্যান্ড কলেজের নয়জন পরীক্ষার্থী এবং ভারশো হাই স্কুল অ্যান্ড কলেজের একমাত্র পরীক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি।
এছাড়া আত্রাই উপজেলার সাহেবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের চারজন পরীক্ষার্থীর মধ্যে দুইজন অনুপস্থিত ছিলেন, আর উপস্থিত দুইজনই ফেল করেছেন। নিয়ামতপুর উপজেলার শাংসইল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে তিনজন অনুপস্থিত, আর বাকি ২০ জনই ফেল করেছেন।
জেলার শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এসব প্রতিষ্ঠানের ফলাফল গভীরভাবে বিশ্লেষণ করা হবে এবং শিক্ষার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তারা বলেন, “যেসব প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে খারাপ ফল হচ্ছে, সেখানে শিক্ষকদের উপস্থিতি, পাঠদানের মান ও শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিয়ে তদন্ত করা হবে।”
স্থানীয় শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এমন দুরবস্থা এখন নিয়মিত স্পষ্ট হয়ে উঠছে। তাদের মতে, শিক্ষার মান রক্ষায় প্রয়োজন নিয়মিত তদারকি, শিক্ষক উপস্থিতি এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ।
একজন সাবেক শিক্ষা কর্মকর্তা বলেন, “গ্রামীণ কলেজগুলোতে শিক্ষকরা যদি নিয়মিত না আসেন, আর শিক্ষার্থীরা অনুপ্রাণিত না হয়, তাহলে শিক্ষার মান কখনোই বাড়বে না। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।”
Leave a Reply