
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মান্দা উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা পাওয়া গেছে। সাধারণত তিন মাস পর পর দানবাক্স খোলা হলেও এবার দুই মাস দশ দিন পর দানবাক্স খোলা হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মসজিদের ১টি বড় ও ১৪টি ছোট দানবাক্স খুলে মোট ১০ লক্ষ ১৯ হাজার ৫১৯ টাকা পাওয়া যায়। এ সময় দানবাক্স থেকে বৈদেশিক মুদ্রা, একটি সোনার নাকফুল ও একটি ছোট রুপার চানতারাও উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুসুম্বা মসজিদ কমিটির সভাপতি আখতার জাহান সাথী বলেন, “এবার দুই মাস দশ দিন পর দানবাক্স খোলা হয়েছে। এতে ১০ লক্ষ ১৯ হাজার ৫১৯ টাকা পাওয়া গেছে।”
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মসজিদ কমিটির সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, কুসুম্বা শাহী মসজিদে দেশ-বিদেশের দর্শনার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানত ও ইবাদতের উদ্দেশ্যে আসেন। তাঁদের দানকৃত অর্থ দিয়ে মসজিদ ক্যাম্পাসে নানামুখী উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—মহিলাদের জন্য উন্মুক্ত নামাজঘর, তাবারক রান্নার ঘর সংস্কার, পরিচ্ছন্ন কসাইখানা নির্মাণ, দর্শনার্থীদের বসার সুব্যবস্থা ও ক্যাম্পাসের ভেতরে পাকা রাস্তা নির্মাণ।
তিনি আরও বলেন, মসজিদের পাশেই একটি ইসলামিক লাইব্রেরি ও কালচারাল রিসার্চ সেন্টার নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি একটি সমৃদ্ধ জাদুঘর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দর্শনার্থীরা কুসুম্বা মসজিদসহ দেশের বিভিন্ন ঐতিহাসিক মসজিদ সম্পর্কে জানতে পারবেন।
দর্শনার্থী সংখ্যা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, “প্রথম ও প্রধান বিষয় হচ্ছে নিরাপত্তা। সে লক্ষ্যেই পুরো মসজিদ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এতে দর্শনার্থীরা নির্বিঘ্নে ইবাদত ও মানত সম্পন্ন করে নিরাপদে ফিরে যেতে পারবেন।”
Leave a Reply