
সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, ভারত
কলকাতা পৌর কর্পোরেশনে (KMC) বেআইনিভাবে জন্ম শংসাপত্র (Birth Certificate) ইস্যু হচ্ছে-এমন অভিযোগ তুলে আজ নর্থ কলকাতা জেলা বিজেপি এসসি মোর্চার উদ্যোগে নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দলের শীর্ষস্থানীয় নেতারা শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও তমঘ্ন ঘোষের নেতৃত্বে মিছিলটি নিউমার্কেট চত্বর ঘুরে কর্পোরেশন ভবনের সামনে এসে শেষ হয়।
বিজেপির অভিযোগ, গত ২০-২৫ দিন ধরে অনলাইন সিস্টেম বন্ধ রেখে অফলাইন পদ্ধতিতে জন্ম শংসাপত্র ইস্যু করা হচ্ছে, যা তাদের মতে “অবৈধ ও অনিয়মপূর্ণ”। নেতারা দাবি করেন, কেবল নর্থ কলাকাতা নয়-রাজাবাজার, মেটিয়াবুরুজ, খিদিরপুর, ফুলবাগানসহ বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন KMC তে ভিড় করছেন শংসাপত্রের জন্য।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালেও বহু মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু বিজেপির মিছিল এগোতেই পুলিশ ভিড় সরিয়ে দেয় ও কিছুক্ষণের জন্য কর্পোরেশন গেট বন্ধ রাখা হয়।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের সন্দেহ, পরিকল্পিতভাবেই অবৈধ জন্ম শংসাপত্র জারি করা হচ্ছে। যদি এই বেআইনি কার্যক্রম বন্ধ না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং আগামী এক-দুই দিনের মধ্যেই হাইকোর্টে আবেদন জানাব।”

তিনি আরও দাবি করেন, এই কার্যক্রম “এসআইআর (State Investigation/Inquiry)-এর হাত থেকে বাঁচার উদ্দেশ্যে কিছু মহলের নির্দেশে চলছে” এবং ভারতীয় নাগরিকত্বপ্রমাণহীন ব্যক্তিদের বেআইনি ভাবে বৈধতা দেওয়া হচ্ছে।
“যাদের নথি-প্রমাণ আছে তারা থাকবেনই, কিন্তু যাদের নেই, তাদের অবৈধভাবে বৈধতা আমরা হতে দেব না,” বলেন অধিকারী।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রতিবাদ বা মিছিলের সময় পুলিশ প্রায়ই ব্যারিকেড করে আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করে। “আমরা ব্যারিকেড মানি না, আটকেও যাব না। ৪৫ মাস পরে এর জবাব মিলবে,” হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা।
আজকের এই বিক্ষোভে প্রায় ৪০-৫০ জন বিজেপি কর্মী অংশ নেন। তবে কলকাতা পৌর কর্পোরেশন বা মেয়র ফিরহাদ (ববি) হাকিমের পক্ষ থেকে অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a Reply