
মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি
মঙ্গলবার (২জুন) সকাল সাড়ে দশটায় বগুড়ার কাহালু উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের মুরইল বাসস্ট্যান্ড সংলগ্ন বগুড়া মুখী এলাকায়, আরেফিন জুটমিলের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল আরোহী নিহত যুবক মোঃ তামিম হোসেন (১৮), পিতা মো. খোকন এবং আহত যুবক মোঃ শামীম হোসেন (১৮), পিতা মো. ফজলুর রহমান। তারা উভয়েই বগুড়া জেলার এরুলিয়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় ফ্রিজ মিস্ত্রি।
জানা যায়, ফ্রিজ মেরামতের কাজে যাওয়ার উদ্দেশ্যে তারা ডায়াং ৮০ সি সি মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে কাহালু বাজারের দিকে রওনা দেন। পথে আরেফিন জুটমিলের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তামিম হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত শামীম হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply