
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র আল কোরআন সম্পর্কে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমোনাই পীরপুত্র মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রাজধানীর রাজারবাগ দরবার শরিফ সংশ্লিষ্ট আল-ইহসান পত্রিকার প্রতিবেদক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) আইনজীবী শেখ ওমর শরীফ এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, ৬ অক্টোবর ইউটিউব চ্যানেল ‘চরমোনাই দর্পণ’ এ প্রকাশিত এক ভিডিও বক্তব্যে ফয়জুল করীম বলেন, “শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি।”
নোটিশ প্রেরণকারীর দাবি, এ বক্তব্য পবিত্র কোরআনুল কারিমের মর্যাদা খর্ব করে এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানে।
আইনজীবী শেখ ওমর শরীফ নোটিশে ফয়জুল করীমকে তিন দিনের মধ্যে ওই বক্তব্যের জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে অনুরূপ মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা চলছে। ফয়জুল করীম বা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a Reply