
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মিজান ওরফে কেটু মিজান ও তার স্ত্রীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান জানান, রাজধানীর তুরাগ থানা, ময়মনসিংহের গফরগাঁও ও গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুরের মেলান্দহের মোবারকের ছেলে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, স্বাধীন, আলামিন, সুমন, পাবনার ফয়সাল হাসান এবং কুমিল্লার শাহ জালাল।
পুলিশ জানায়, হত্যার পরপরই ঘটনাস্থলের কাছাকাছি একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হলে শুক্রবার রাতে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বাসন থানার ওসি শাহীন খান জানান, নিহতের ভাই সেলিম মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে তুচ্ছ কথাকাটাকাটির জেরে তুহিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তুহিন (৪০) দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন।
Leave a Reply