
আতাউর রহমান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার গাবতলীতে দড়িপাড়া কেন্দ্রীয় নূর জামে মসজিদের রোপনকৃত ২০শতক জমির ধানের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে ১৪ ফেব্রুয়ারী দিবাগত রাতে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে।
এ ঘটনায় মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, দড়িপাড়া কেন্দ্রীয় নূর জামে মসজিদ বালিয়াদিঘী মৌজায় ২০শতক জমি কবলামূলে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছে। বর্তমানে ওই জমিতে ধানের চারা রোপন করা হয়েছে। কিন্তু কতিপয় ব্যক্তি অবৈধভাবে ওই জমির মালিকানা দাবী করে দখল করার হুমকি-ধামকি দিয়ে আসছিল। এরই এক পর্যায়ে ১৪ ফেব্রুয়ারী দিবাগত রাতে ওই প্রতিপক্ষরা মসজিদের রোপনকৃত ধানের চারা উপড়ে ফেলে ১০হাজার টাকার ক্ষতিসাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় দড়িপাড়া কেন্দ্রীয় নূর জামে মসজিদের কোষাধ্যক্ষ সৈয়দ আলী বাদী হয়ে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামের জোহা (৫৫) এবং মহিষাবান ইউনিয়নের পার রানীরপাড়া গ্রামের মৃত দিরেজ প্রামানিকের ছেলে সাহিদুল ইসলাম (৩৫) কে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে গাবতলী মডেল থানার ডিউটি অফিসার এস আই আ: রাজ্জাক বলেন, অভিযোগটি আমরা হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply