
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে কৃষি, পুষ্টি ও গ্রামীণ উদ্যোক্তা উন্নয়নকে গুরুত্ব দিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়।
শনিবার (২ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।
সভাপতির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, কৃষিনির্ভর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি অংশীদারদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, উদ্যোক্তা, কৃষি কর্মকর্তা ও বিভিন্ন অংশীজন অংশ নেন। কংগ্রেসে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply