
নিজস্ব প্রতিবেদক
চার দশকেরও বেশি সময় পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) নেতৃত্বে ফিরল ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ সপ্তম চাকসু নির্বাচনে ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, “পুরো নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল উৎসবমুখর।”

ভিপি (সহসভাপতি) পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিল শিক্ষার্থী মো. ইব্রাহিম হোসেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাত হোসেন পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ৮ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব, যিনি ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়াত পেয়েছেন ২ হাজার ৭৩৪ ভোট।
ছাত্রদলের প্যানেল থেকে একমাত্র এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে জয় এসেছে। আইয়ুবুর রহমান এই পদে ৭ হাজার ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শিবিরের সাজ্জাত হোছন পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট।
এ ছাড়া সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন তামান্না মাহবুব, যা এবারের নির্বাচনে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির সর্বশেষ চাকসু নির্বাচনে জয়ী হয়েছিল ১৯৮১ সালে। সে সময় ভিপি নির্বাচিত হয়েছিলেন জসিম উদ্দিন সরকার এবং জিএস ছিলেন আবদুল গাফফার। দীর্ঘ ৪৪ বছর পর সংগঠনটির এই প্রত্যাবর্তনকে শিবিরের নেতাকর্মীরা ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন-পরবর্তী সময়ে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
Leave a Reply