
নিজস্ব প্রতিবেদক,
বদলগাছীর শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ঝরে গেল। নওগাঁর বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রখ্যাত প্রাক্তন শিক্ষক ও ক্রীড়া সংগঠক জলিলুর রহমান (জলিল স্যার) আর নেই।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
চার দশকেরও বেশি সময় ধরে জলিল স্যার বদলগাছীর শিক্ষাক্ষেত্রে যে অনবদ্য অবদান রেখে গেছেন, তা আজও হাজারো শিক্ষার্থীর জীবনে গভীর ছাপ ফেলেছে। শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন বদলগাছী উপজেলার ক্রীড়া অঙ্গনের পথিকৃৎ। শিক্ষার্থীদের চরিত্রগঠনে খেলাধুলার ভূমিকা তিনি আজীবন তুলে ধরেছেন নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে।
স্থানীয়রা জানান, বদলগাছীর প্রায় প্রতিটি মানুষই তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন। তাঁর সাদামাটা জীবন, নৈতিক দৃঢ়তা এবং শিক্ষার্থীপ্রেম তাকে এলাকার প্রিয়মুখে পরিণত করেছিল।
রোববার সকাল ১১টায় নামাজে জানাজা শেষে হযরত পীর শাহাবুদ্দিনের মাজার প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বদলগাছীতে শোকের ছায়া নেমে এসেছে, প্রাক্তন শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ গভীরভাবে শোক প্রকাশ করেছেন। এলাকার সুধিজন জানান, জলিল স্যার বদলগাছীর শিক্ষাঙ্গন ও ক্রীড়াঙ্গনের ইতিহাসে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন।
Leave a Reply