
যশোর প্রতিনিধি
জ্বালানি তেলের সংকটের মধ্যে যশোরের ঝিকরগাছা উপজেলায় ফিলিং স্টেশনগুলোতে কিছু নির্দিষ্ট পেশাজীবীকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। এতে চিকিৎসক, পুলিশ, চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকরা পরিচয়পত্র দেখিয়ে আগে তেল নিতে পারবেন।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। প্রশাসন বলছে, জরুরি সেবা ও পেশাগত কার্যক্রম সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় ঝিকরগাছার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তি তৈরি হয়েছে। এতে অফিসগামী কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়মিত কাজ ব্যাহত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিং স্টেশনগুলোতে তেল মজুত থাকা সাপেক্ষে জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক, পুলিশ প্রশাসন, চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের জন্য আলাদা লাইন রাখা অথবা অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈধ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
এ ছাড়া নির্দেশনাটি ফিলিং স্টেশনের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার জন্য মালিক ও ব্যবস্থাপকদের বলা হয়েছে।
ইউএনও রনী খাতুন বলেন, “সংকটকালীন পরিস্থিতিতে জরুরি সেবা সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট পেশাজীবীদের অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, তেলের অপচয় রোধ, অপ্রয়োজনীয় মজুত বন্ধ এবং ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করতে ফিলিং স্টেশন মালিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply