
নিজস্ব প্রতিবেদক,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দায়িত্ব পালনের সময় হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হয়েছে চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০) এর।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু নির্বাচনের খবর লাইভ সম্প্রচারের সময় হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন শিবলী। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকদের প্রাথমিক ধারণা, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার এতবারপুরে। ব্যক্তিজীবনে তিনি উত্তরার দিয়াবাড়ি এলাকায় পরিবারসহ বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।
সহকর্মীরা জানান, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক হিসেবে তিনি সর্বদা নিষ্ঠার সঙ্গে কাজ করতেন। তার অকাল মৃত্যুতে গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply