
এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন এবং নিষিদ্ধ উপাদান ব্যবহারের দায়ে একটি মুড়ি মিলকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। সোমবার (২মার্চ) উপজেলার বক্করের মোড়ের সন্তোষী মুড়ি মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিহাব উদ্দীন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল আলম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কারখানায় সরেজমিনে গিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মুড়ি তৈরিতে ময়লা লবণ, নিষিদ্ধ হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ায় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিককে ১লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান চলাকালে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এ সময় প্রতিষ্ঠানের মালিককে কঠোর সতর্ক করা হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Leave a Reply