
গজারিয়া প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই বাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় সড়কে যান চলাচলে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির কুমিল্লাগামী দুটি বাসের মাঝে একটি মোটরসাইকেল আটকে পড়লে বাস দু’টির চাপায় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। নিহতদের পরিবার-পরিজন এবং স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ নেমে এসেছে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক মো. মুন্না (৩০), পিতা আব্দুল মান্নান এবং আরোহী মো. মেহেদী হাসান (২৯), পিতা জাহাঙ্গীর আলম। দু’জনেই চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বহরি গ্রামের স্থায়ী বাসিন্দা।
খবর পেয়ে গজারিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার ঘাতক দুইটি বাসের মধ্যে তিশা প্লাস নামের একটি বাস আটক করতে পারলেও চালক ও সহকারী পালিয়ে যায়।
ভবেরচর হাইওয়ে পুলিশের ডিউটি অফিসার এসআই শিশির জানান,দুর্ঘটনা কবলিত মোটর বাইক ও বাসটি পুলিশ জব্দ করেছে। নিহত দুজনের মরদেহ পুলিশ ফাড়িতে রয়েছে ‘দুই বাসের চাপায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার ঘটনায় মহাসড়কে চলাচলরত অন্যান্য যানবাহনের চালক ও যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে
Leave a Reply