
নিজস্ব প্রতিবেদক,
পুলিশ হেফাজত থেকে পালিয়েছেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম। এ সময় শাহ আলমকে আদালতে হাজির করার জন্য প্রস্তুত করা হচ্ছিল। ৯ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে ঘটে এই পালানোর ঘটনা।
সাবেক ওসি শাহ আলমকে জুলাই-অগাস্ট গণ আন্দোলনের সময়কার হত্যা মামলায় ৮ জানুয়ারী (বুধবার) কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে রাজধানীর উত্তরা পূর্ব থানায় আনা হয়েছিল।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, শাহ আলমকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-অগাস্ট গণআন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন শাহ আলম। আন্দোলনের সময়কার একটি হত্যাকাণ্ডের ঘটনায় গত ২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মামলা হয়। এরপর তাকে কুষ্টিয়ার পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বদলী করা হয়েছিল। সেখানেই তিনি কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে বুধবার গ্রেপ্তার করে ঢাকার উত্তরা পূর্ব থানায় আনা হয়। সেখান থেকেই তিনি পালিয়েছেন।
ডিএমপি কর্মকর্তারা জানিয়েছেন, শাহ আলমের পালানোর বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে দ্রুত গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এই ঘটনার পর পুলিশের হেফাজতে আসামি পালানোর মতো ঘটনার প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।
Leave a Reply