
নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের দলীয় সংসদ সদস্যদের জন্য দুই দিনের একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। বিশেষ করে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রণয়ন, স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদে সদস্যদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে এই প্রশিক্ষণে। এ ছাড়া মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় করণীয় বিষয়েও আলোচনা করা হবে।
এ প্রশিক্ষণে অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা বক্তব্য দেবেন। তারা সংসদ সদস্যদের দায়িত্ব পালনে বিভিন্ন কৌশল ও অভিজ্ঞতা তুলে ধরবেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সেই অধিবেশনকে সামনে রেখেই নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের প্রস্তুত করতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
৬ ও ৭ মার্চ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। কর্মশালার উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগামীকাল শুক্রবার (৬ মার্চ) সকালে প্রথম সেশন অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেল আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হবে।
প্রথম দিনে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন। দ্বিতীয় দিন ৭ মার্চ সকালে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।
বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, দলের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন তদারকি, নীতিমালার কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে।
Leave a Reply