
নিজস্ব প্রতিবেদক,
বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের পরিকল্পনা ও পরিচালনা সদস্য এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত এক নির্দেশনাপত্রে দেশের সব বিমানবন্দর প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১০টি সাইবার নিরাপত্তা নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বের কয়েকটি বড় বিমানবন্দরে সাইবার হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও বিমান চলাচল কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন জরুরি।
বেবিচক কর্তৃপক্ষ সব কর্মকর্তা ও কর্মচারীকে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল বা লিংক এড়িয়ে চলা, নিয়মিত সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট রাখা এবং পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
এছাড়া অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা ও মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো সাইবার নিরাপত্তা সমস্যা দেখা দিলে দ্রুত বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ ও জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত মাসে বেবিচকের ওয়েবসাইটেও সাইবার হামলার চেষ্টা হয়েছিল। এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
১৫ সেপ্টেম্বর বেবিচকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, লন্ডনের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার পর সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখতে হয়েছিল, যা বাংলাদেশের জন্যও সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply