
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
নওগাঁর ধামইরহাট উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় মজুদকৃত জ্বালানি জব্দ করে তা বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের সহায়তায় রোববার (২৯ মার্চ) বিকেলে অভিযান পরিচালনা করে। অভিযানে মেসার্স আফজাল এন্ড ব্রাদার্স নামের একটি পেট্রোল, কেরোসিন ও ডিজেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।
এ সময় প্রতিষ্ঠানটির মালিক মো. আফজাল হোসেনের দোকানে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৫০০ লিটার পেট্রোল পাওয়া যায়। এ অপরাধে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত পেট্রোল বিক্রি করে ৫৮ হাজার ৭৩৫ টাকা আদায় করা হয়, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। অভিযানটি পরিচালনা করেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জেলা পুলিশ জানায়, নওগাঁ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply