
আবু মুসা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে সরকারি ইজারাভুক্ত পলাশবাড়ী হাট-বাজারের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের চেষ্টা করা হয়েছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে সরকারি সম্পত্তি দখল কিংবা অনুমোদন ছাড়া কোনো স্থাপনা নির্মাণ না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
উপজেলার আড়ানগর ইউনিয়নের পলাশবাড়ী হাট-বাজারের পেরিফেরিভুক্ত খাস জমির একটি গলি দিয়ে দীর্ঘদিন ধরে হাটের ক্রেতা ও স্থানীয় সাধারণ মানুষ চলাচল করে আসছেন। অভিযোগ রয়েছে, ওই চলাচলের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের উদ্যোগ নেন স্থানীয় আতাউর রহমান ও তাঁর ছেলে রিফাত হোসেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহযোগিতায় তিনি অবৈধভাবে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেন।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ বলেন, ‘হাট-বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩ এর ১০ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া খাস জমি বা হাট-বাজারের সম্পত্তিতে কোনো ধরনের দোকানপাট কিংবা স্থাপনা নির্মাণের সুযোগ নেই।’
তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। একই সঙ্গে সবাইকে সরকারি সম্পত্তির বিষয়ে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
প্রশাসনের পক্ষ থেকে আইনগত বিষয়টি বুঝিয়ে বলার পর আতাউর রহমান ও তাঁর ছেলে রিফাত হোসেন নির্মাণকাজ বন্ধ করে দেন এবং ভবিষ্যতে আইন মেনে চলার বিষয়ে সম্মতি জানান।
স্থানীয়দের ভাষ্য, হাটের চলাচলের পথ দখল হয়ে গেলে ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ত। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে সেই সম্ভাবনা আপাতত ঠেকানো সম্ভব হয়েছে।
Leave a Reply