
নিজস্ব প্রতিবেদক:
পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলার মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদকের আস্তানা ধ্বংস ও চোলাই মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রোববার (২৯ মার্চ ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাদেবপুর থানাধীন রাইগা ইউনিয়নের রাইগা উচ্চ বিদ্যালয় এলাকা, আমবাগান, দীঘির পাড় ও শিয়ালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ।
অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় ৮ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— সোহাগ (৩৩), রায়হান (৩০), রফিকুল ইসলাম (৩৩), উর রশিদ (৪২), দেবু (১৬), সুশান্ত (১৫), নীরব সেন (১৬) এবং রফিকুল ইসলাম (৬০)। এসময় তাদের কাছ থেকে গাঁজা, ট্যাপেন্টাডল ও বাংলা মদ উদ্ধার করা হয় এবং মাদক সেবনের আস্তানা ভেঙে দেওয়া হয়।

পরবর্তীতে আটককৃতদের তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রথম চারজনকে মাদক সেবনের দায়ে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপর চারজনকে তাদের বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।

এদিকে একই সময় বদলগাছী থানার কোলা ইউনিয়নের বন গ্রামে পৃথক আরেকটি অভিযানে চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার ও ধ্বংস করা হয়। পুলিশ জানায়, তল্লাশি চালিয়ে একটি বাড়ির পেছন থেকে মাটির চারি ও পাতিল উদ্ধার করা হয়, যা স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply